গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • নওগাঁ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১০:৪৪ এএম
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় শহরের কেন্দ্রীয় মডেল মসজিদের সামনে থেকে ১১ দলীয় ঐক্য নওগাঁ জেলা শাখার উদ্যোগে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তির মোড় কেন্দ্রীয় শহিদ মিনার প্রঙ্গনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিলে, "গণভোটের গণরায়, মেনে নেও, মেনে নেও" "অবিলম্বে গণরায়, বাস্তবায়ন করো করতে হবে" "দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা" "লন্ডন না ঢাকা, ঢাকা ঢাকাসহ সমস্বরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

বাংলাদেশ জামায়েতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও নওগাঁ জেলা আমির খন্দকার আব্দুর রাকিবের সভাপতিত্বে সমাবেশে জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরী রুবেল, এবি পার্টি নওগাঁ জেলা শাখার আহ্বায়ক কাজী আতিকুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি আবু সাদাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখার সভাপতি খন্দকার রেজাউর রহমান, ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার সভাপতি আজফারুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে গণভোট আয়োজন করেছিল সে গণভোটের বিষয়ে সকল রাজনৈতিক দল ঐক্যমত কমিশনে ঐক্যমত ছিলো। বর্তমান প্রধানমন্ত্রী নিজেও গণভোটের পক্ষে ছিলেন। তিনি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেছেন। কিন্তু তিনি ক্ষমতায় বসে গণভোটকে ভুলে গিয়েছেন। তারা বলছেন গণভোট অবৈধ সংসদ নির্বাচন বৈধ। একই ব্যক্তির করা অধ্যাদেশ একটি বৈধ হলে আরেকটি অবৈধ হয় কীভাবে। এটি জনগণের সাথে প্রতারণা। দেশবাসী এটি মেনে নিবে না। এই গণভোটের সুবিধাভোগী হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি ইন্টেরিমেও ছিলেন বর্তমানেও আছেন। জুলাই সনদ বাস্তবায়ন কারা হতে দিতে চায়না এটি জনগণের কাছে স্পষ্ট। 

বক্তারা আরও বলেন, সরকারের এক প্রতিমন্ত্রী বলেছেন ড. ইউনুস লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বসে সমঝোতা করে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন। তাহলে এই নির্বাচন কী সমঝোতার নির্বাচন ছিলো? এই নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন। বিয়ে করলেন, সংসার করলেন, হানিমুন করলেন, দুইটা বাচ্চা হলো। এখন এক বাচ্চাকে অস্বীকার করার জন্য বউ তালাক দিচ্ছেন। এটা জনগণ বুঝে গেছে। সংসদ বসার এক মাস পেরিয়ে গেছে, অথচ তারা এখনো গণভোটকে পাশ করেনি। জনগণের সঙ্গে তামাশা শুরু করেছে। সরকারের প্রতি দাবি জানাই দ্রুত গণভোটকে মেনে নিন। নয়তো পরিস্থিতি ভালো হবে না।

এম

Link copied!