বাসের ধাক্কায় শিশু সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত

  • বরিশাল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৩:৩৩ পিএম
বাসের ধাক্কায় শিশু সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত

ছবি : প্রতিনিধি

বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক তাজ পরিবহনের বাসে হামলা চালিয়ে ভাঙচুর করে। তবে ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হন।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

বরিশাল গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, উজিরপুর উপজেলার বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭) মোটরসাইকেলে স্ত্রী মনিরা বেগম ও শিশু কন্যা জান্নাতকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় যানজটের কারণে মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়।

এসময় বরিশালগামী তাজ আনন্দ গ্রুপের একটি তাজ পরিবহন বাস পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও তাদের শিশু কন্যার মৃত্যু হয়।

নিহত ফিরোজ মাহমুদ উজিরপুর উপজেলা সদরের আব্দুল হাকিমের ছেলে বলে জানা গেছে।

বরিশাল গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এছাড়া মহাসড়কের যানজট নিরসনে পুলিশ কাজ করেছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পিএস

Link copied!