নওগাঁয় দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

  • নওগাঁ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০২:৪৭ পিএম
নওগাঁয় দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

ছবি: প্রতিনিধি

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে টানা দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা।

সোমবার সকাল থেকেই গাড়ি বন্ধ রেখে দ্বিতীয় দিনের ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। এর আগে রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল বন্ধ করে দেন তাঁরা। হঠাৎ এই ধর্মঘটের কারণে গন্তব্যে পৌঁছাতে গিয়ে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জানা গেছে, গত শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশা চালক ও বাস শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে অতর্কিত মারধর করে সিএনজি চালকরা। গুরুতর আহত অবস্থায় চালক রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার বিচার ও মহাসড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা।

বাস মালিক ও শ্রমিক নেতাদের মতে, নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা শহরের বাইরে দূরপাল্লার রুটে যাত্রী পরিবহন করতে পারবে না। তবে এই নিয়ম অমান্য করে আঞ্চলিক মহাসড়কে এসব যানবাহন চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ও সংঘাতের ঘটনা ঘটছে। মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।

বাস বন্ধ থাকায় বিকল্প যানবাহনে বাড়তি ভাড়া গোনার পাশাপাশি মূল্যবান সময় নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী, নিয়ামতপুর ও চাঁপাইনবাবগঞ্জগামী সাধারণ যাত্রীরা।

নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী জানান, সিএনজি মালিকদের সঙ্গে আলোচনায় সুরাহা হয়নি এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দোষী আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, সদর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে এবং জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকের মাধ্যমে দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এসএইচ 

Link copied!