ঝালকাঠি কারাগারে অসুস্থ, হাসপাতালে নারী হাজতির মৃত্যু

  • ঝালকাঠি প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬, ০৬:৩৪ পিএম
ঝালকাঠি কারাগারে অসুস্থ, হাসপাতালে নারী হাজতির মৃত্যু

ছবি : প্রতিনিধি

​ঝালকাঠি: ঝালকাঠি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজল রেখা (৩৫) নামের এক নারী হাজতির মৃত্যু হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে বন্দী ছিলেন।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কাজল রেখা ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী।

​কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে কাজল রেখাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২০টি ইয়াবা বড়ি ও ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওই ঘটনায় দায়ের করা মাদক মামলায় গ্রেপ্তারের পর থেকেই তিনি ঝালকাঠি জেলা কারাগারে বন্দী ছিলেন।

​ঝালকাঠি জেলা কারাগারের সুপার মো. বিকাশ রায়হান জানান, গতকাল সোমবার রাতে কারাগারে কাজল রেখা হঠাৎ অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।

​কারা কতৃপক্ষের ভাষ্য অনুযায়ী, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিএস

Link copied!