ছবি : সংগৃহীত
চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবন-২-এ প্রায় ২৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমসহ ১১ জন। উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ভবনটির ভেতরের ফটক এবং মূল ফটকে তালা ঝুলিয়ে রেখেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে অবরুদ্ধ উপাচার্যসহ অন্যদের জন্য সকালের খাবারের ব্যবস্থা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে দীর্ঘ সময় অবরুদ্ধ থাকায় মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী। তারা হলেন- প্রকৌশলী শাহরিয়ার ও প্রকৌশলী টিটু মো. সোহান। এ সময় প্রকৌশলী শাহরিয়ারকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়।
এদিকে অবরুদ্ধ অবস্থায় নিজেও অসুস্থ হয়ে পড়ছেন বলে জানিয়েছেন অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। তিনি বলেন, কাল রাত ২টায় পুলিশের মাধ্যমে খাবার এসেছিল, সেটাই আমরা খেয়েছিলাম। এখানে থেকে আমার প্রচণ্ড মাথাব্যথা হচ্ছে, রাতে ঘুমাইনি। এ রকম অনেকেরই অনেক সমস্যা হচ্ছে।
আলোচনার সুযোগ পাননি জানিয়ে তিনি আরও বলেন, আমি আলোচনা করতে চাই। কিন্তু এখনো তো সেই সুযোগই হয়নি। সোমবার একবার তাদের সামনে গিয়েছিলাম, কিন্তু তাদের আচার-আচরণে সেই সুযোগ একদমই পাওয়া যায়নি।
সোমবার রাতভর প্রশাসনিক ভবন-২-এর সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের সেখানে খাওয়া-দাওয়া ও আড্ডা দিতে দেখা যায়।
এদিকে চুয়েটের চলমান সংকট নিরসন এবং শিক্ষার্থীদের বাসে হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকাল ৪টায় রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেছেন ঢাকায় অবস্থানরত চুয়েটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
এ ছাড়া চুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।
পিএস