ছবি : সংগৃহীত
ঈশ্বরদী: কঠোর নিরাপত্তায় ঢাকা থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরেকটি নতুন চালান। শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদীতে অবস্থিত রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে প্রবেশ করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দের উদ্দেশ্যে রওনা দেয় ইউরেনিয়ামের গাড়িবহর।
সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সড়ক পথে রুপপুরে নেওয়া হয় পারমাণবিক জ্বালানি। ঢাকা থেকে রুপপুর পযর্ন্ত ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইউরেনিয়ামের গাড়িবহর নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছানোর লক্ষ্যে সড়কে সব ধরনের যানবাহন এবং জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
প্রকল্প সূত্রে জানা গেছে, এর আগেও কয়েক দফায় রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে পারমাণবিক জ্বালানি ঢাকায় আনা হয়েছে। এসব জ্বালানি কঠোর নিরাপত্তায় সড়ক পথে রুপপুর বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হয়। আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে রাশিয়া থেকে আরও জ্বালানির চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। এ প্রকল্পের আওতায় ঠিকাদার হিসেবে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। সময়মতো সব প্রস্তুতি সম্পন্ন হলে চলতি বছরের নভেম্বরের মধ্যে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।
পিএস