৫১ দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনীতিতে ঐতিহ্য তুলে ধরা হবে: সংস্কৃতিমন্ত্রী

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৫:৪৭ পিএম
৫১ দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনীতিতে ঐতিহ্য তুলে ধরা হবে: সংস্কৃতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, নজরুল বর্ষ ঘোষণার পর থেকে দেশের শিল্প-সংস্কৃতির প্রসারে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন আয়োজনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে শিল্প-সংস্কৃতি তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ৫১টি দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনীতির মাধ্যমে বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরতে চায় সরকার।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা পরিষদের আয়োজনে সংস্কৃতিকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সভাপতিত্বে সভায় মন্ত্রী বলেন, আমাদের সংস্কৃতি হাজার বছরের পুরোনো ও সমৃদ্ধ। অন্য দেশের জনগণের কাছে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে সাংস্কৃতিক কূটনীতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন থেকে সারা দেশে নিয়মিত বাউল উৎসবের আয়োজন করা হবে।

তিনি আরও জানান, লোকসংগীত, ভাটিয়ালি ও নৌকাবাইচকে মন্ত্রণালয়ের ঐতিহ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি দাড়িয়াবান্দা, হাডুডু, কাবাডি ও লাঠিখেলার মতো প্রাচীন ঐতিহ্যবাহী খেলাগুলোও নতুন করে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কৃতির বিকাশে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

সভায় চুয়াডাঙ্গার সংস্কৃতিকর্মীরা জেলার সাংস্কৃতিক উন্নয়ন ও বিভিন্ন কর্মকাণ্ডের বিকাশে সুনির্দিষ্ট দাবিদাওয়া তুলে ধরেন এবং আলোচনা শেষে একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে পেশ করেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার ও জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন।

এ সময় জেলা জাসাসের সভাপতি শহীদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জেলার সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের দিক নিয়ে আলোচনা হয় এবং স্থানীয় শিল্পী ও সংগঠনগুলোর কার্যক্রম সম্প্রসারণে সরকারি সহযোগিতা কামনা করা হয়।

এসএইচ 

Link copied!