এইচএসসির ফল বিপর্যয়ে মিষ্টির দোকানেও মলিন আনন্দ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৬:৩৬ পিএম
এইচএসসির ফল বিপর্যয়ে মিষ্টির দোকানেও মলিন আনন্দ

ফাইল ছবি

একসময় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন মিষ্টির দোকানগুলোতে থাকত উপচে পড়া ভিড়। ভালো ফলের আনন্দ ভাগাভাগি করতে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে মিষ্টি বিতরণের ধুম পড়ে যেত। ক্রেতাদের সামাল দিতে হিমশিম খেতেন দোকানিরা। তবে সময়ের সঙ্গে বদলেছে সেই চিত্র।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমে যাওয়ায় মিষ্টির দোকানগুলোতে সেই ব্যস্ততা আরও কমেছে। রাজধানীর বিভিন্ন এলাকার দোকানে ক্রেতার উপস্থিতি ছিল তুলনামূলক কম।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকার মিষ্টির দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে। ভালো ফল করা শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা মিষ্টি কিনতে এলেও অন্যান্য বছরের তুলনায় ক্রেতার সংখ্যা ছিল কম। এতে হতাশ ব্যবসায়ীরা।

রাজধানীর বিজয়নগরের মুসলিম সুইটসের ক্যাশিয়ার রফিকুল ইসলাম জানান, এবার পাসের হার কম হওয়ায় মিষ্টি বিক্রিতেও প্রভাব পড়েছে। ফল প্রকাশ উপলক্ষে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি মিষ্টি তৈরি করেছিলেন তাঁরা। কিন্তু সে অনুযায়ী বিক্রি হয়নি।

মালিবাগের বনফুল সুইটসেও কিছু ক্রেতাকে মিষ্টি কিনতে দেখা গেছে। তবে দোকানটির ব্যবস্থাপকের ভাষ্য, অন্যান্য বছরের তুলনায় এবার বিক্রি কম। ফল প্রকাশের পরপরই দোকানগুলোতে যে ভিড় দেখা যেত, এবার তা নেই।

শান্তিনগরের ভাগ্যকূল সুইটসের ব্যবস্থাপক সুজন ঘোষ জানান, আগে পরীক্ষার ফল প্রকাশের দিন মিষ্টি বিক্রির চাপ সামলাতে অতিরিক্ত কর্মচারী রাখতে হতো। এখন সেই ব্যস্ততা আর নেই। একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন মুসলিম সুইটসের বিক্রয়কর্মী জাকির হোসেন।

মিষ্টি কিনতে আসা অভিভাবক হাসান ফেরদাউসের মেয়ে এবার ভালো ফল করেছে। পরিবারের সদস্যদের সঙ্গে মিষ্টি কিনতে এসেছেন তিনি। তবে তাঁর মতে, এবার অনেক শিক্ষার্থীর ফল প্রত্যাশা অনুযায়ী হয়নি। এ কারণে মিষ্টি কেনার আগ্রহও কম থাকতে পারে।

ব্যবসায়ীরা জানান, কয়েক বছর আগেও এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের দিনে স্বাভাবিক সময়ের তুলনায় তিন থেকে চার গুণ বেশি মিষ্টি বিক্রি হতো। করোনার পর সেই বিক্রি কমে প্রায় দ্বিগুণে নেমে আসে। সাম্প্রতিক বছরগুলোতে বিক্রির ব্যস্ততা আরও কমেছে। এবার ফলাফলের অবনতির কারণে মিষ্টির দোকানগুলোতে প্রত্যাশিত বিক্রি হয়নি।

ফলে ভালো ফল করা শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপনের কিছু আয়োজন থাকলেও, অতীতের মতো ফল প্রকাশের দিনজুড়ে মিষ্টির দোকানগুলোতে আনন্দের সেই চেনা আমেজ দেখা যায়নি।

এসএইচ 

Link copied!