ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ভস্মীভূত বাসটি নারায়ণগঞ্জ-গাজীপুর রুটে চলাচল করত। এ ঘটনায় প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাসমালিক।
প্রত্যক্ষদর্শী রবিন দাস জানান, মধ্যরাতে একটি অটোরিকশাযোগে ৩-৪ জন ব্যক্তি ঘটনাস্থলে আসে।
তাদের মধ্যে একজন চলন্ত অটোরিকশা থেকে পার্কিংয়ে থাকা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। বিকট শব্দের সঙ্গে সঙ্গে বাসটিতে দাউদাউ করে আগুন ধরে যায় এবং মুহূর্তে লেলিহান শিখা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বাসমালিক রাসেল বলেন, ‘দিনের কাজ শেষে স্টাফরা বাসটি পার্কিংয়ে রেখে বাসায় চলে যাওয়ার পরপর এ নাশকতার ঘটনা ঘটে।
চলন্ত অটোরিকশা থেকে পেট্রোল বোমা ছুড়ে আমার গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এতে আমার প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়ে গেল।’
নারায়ণগঞ্জের শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার গোলাম মোস্তফা জানান, রাত ১২টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। মাত্র সাত মিনিটের মাথায় পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন এবং প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘সাইনবোর্ড এলাকায় বাসে আগুনের ঘটনাটি তার নজরে এসেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাস্থলটি যাত্রাবাড়ী থানার আওতাধীন এলাকায় পড়েছে।’
অন্যদিকে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান জানান, ‘ঘটনাস্থলটি যাত্রাবাড়ী থানার আওতায় রয়েছে এবং খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছেছে। দূর থেকে স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পান। তবে এটি নাশকতা নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত সেটি খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাসটি ঘটনাস্থলে রয়েছে এবং বাসের মালিকের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
এম