চাঁদাবাজরা বিএনপির নাম ভাঙিয়ে চলছে: আইনমন্ত্রী

  • ঝিনাইদহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ০৩:৪৬ পিএম
চাঁদাবাজরা বিএনপির নাম ভাঙিয়ে চলছে: আইনমন্ত্রী

ছবি : প্রতিনিধি

ঝিনাইদহ: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “দু-একজন মাদক কারবারি, চাঁদাবাজরা বিএনপির নাম ভাঙিয়ে চলছে। তারা দলের কঠিন সময়ে পাশে থাকবে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে এই দু-একজন এখনো গোপনে আঁতাত করছে। আওয়ামী লীগকে তারা গোপনে সেল্টার দিচ্ছে। বিগত ১৭ বছরে এই চক্রটি আওয়ামী লীগের সঙ্গেই মিলেমিশে ছিল। এ ধরণের কাউকে বিএনপিতে দরকার নেই।”

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “দলের মধ্যে দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিস্যাৎ হতে দেওয়া হবে না। দু-একজন মাদক কারবারির জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দলকে আমি নস্যাৎ হতে দিতে পারি না।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে মো. আসাদুজ্জামান বলেন, “মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চোখ-কান বন্ধ করে কাজ করতে হবে। আপনারা আইন মেনে স্বাধীনভাবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কাজ করবেন।”

পিএস

Link copied!