ছবি : প্রতিনিধি
বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী গ্রীন লাইন ও বরিশাল এক্সপ্রেস পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাউদের খালপাড় ব্রিজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে চলাচলের সময় গ্রীন লাইন ও বরিশাল এক্সপ্রেস পরিবহনের বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বরিশাল এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা দুটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। পরে খুঁটি ভেঙে বাসটি আলমগীর হোসেন ও রুবেল সরদারের বসতঘরের ওপর উল্টে পড়ে।
বাসের ধাক্কায় ঘর দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে চুরমার হয়ে যায়। দুর্ঘটনার সময় ঘরের ভেতরে থাকা সদস্যরা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আকস্মিক এ দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, দুই বাসের সংঘর্ষে অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য গৌরনদী উপজেলা হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।
পিএস