বরিশালে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

  • বরিশাল প্রতিনিধি   | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ০৩:২১ পিএম
বরিশালে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

ছবি : প্রতিনিধি

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর আনুমানিক পাঁচটার দিকে মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা তিন ব্যক্তি এ ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে তিন দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে গ্রামীণ ব্যাংকের সানুহার শাখা কার্যালয়ের সামনে আসে। এ সময় তারা কাচের বোতলে তৈরি তিনটি পেট্রোল বোমা ব্যাংক কার্যালয়ের সিঁড়িতে নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। পরে দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসেন। ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধু গ্রামীণ ব্যাংক নয়, উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

পিএস

Link copied!