যুদ্ধের প্রভাবে দেশের শেয়ারবাজারে বড় দরপতন

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ১১:১৩ এএম
যুদ্ধের প্রভাবে দেশের শেয়ারবাজারে বড় দরপতন

ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বের অন্য প্রান্তের যুদ্ধের প্রভাব বাংলাদেশের শেয়ারবাজারে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার খবরে রোববার (০১ মার্চ) সপ্তাহের প্রথম কার্যদিবসে বাংলাদেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন দেখা যাচ্ছে। লেনদেন শুরুর পরপরই অধিকাংশ খাতের শেয়ারের দাম কমে যাওয়া সূচকের বড় পতন হয়েছে।

আজ শেয়ারবাজারে যুদ্ধ আতঙ্কে বিনিয়োগকারীরা বিক্রির চাপ বাড়ালেও, ক্রেতাদেরও সক্রিয় দেখা যাচ্ছে। ফলে সূচকের বড় পতনের পর, ঘুরে দাঁড়ানোর প্রবণতাও দেখা যাচ্ছে। অবশ্য ক্রেতাদের থেকে বিক্রেতাদের চাপ বেশি থাকায় সূচক বড় পতনের মধ্যেই আছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে দেশীয় পুঁজিবাজারেও। তাদের মতে, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে দেশের শেয়ারবাজার দীর্ঘদিন ধরে পতনের মধ্যে রয়েছে। ফলে বিনিয়োগকারীরা আতঙ্কে বিক্রির চাপ না বাড়ালে দ্রুত বাজার ঘুরে দাঁড়াবে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার মাধ্যমে। এতে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ২০৮ পয়েন্ট পর্যন্ত কমে যায়। এমন পতনের পর বাজারে কিছু ক্রেতাদের সংক্রিয় হতে দেখা যায়। ফলে অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতনের মাত্র কমে আসে। ফলে সূচকের পতনের মাত্রাও কমে। ১০ মিনিটের মধ্যে ডিএসইর প্রধান সূচক ১০০ পয়েন্ট উদ্ধার হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১টা ০৬ মিনিটে ডিএসইতে মাত্র ১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে ৩৫৪টির। আর ১৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

ফলে ডিএসইর প্রধান সূচক কমেছে ১২৪ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট কমেছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৪৯ পয়েন্ট কমেছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬১ কোটি ৬৬ লাখ টাকা।

ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন। পরিস্থিতি জটিল হচ্ছে। এই আতঙ্ক শেয়ারবাজার খুলতেই বিনিয়োগকারীদের একটি অংশ শেয়ার বিক্রির ভয়াবহ চাপ তৈরি করেন। ফলে অল্প সময়ের মধ্যে বাজারে বড় দরপতন হয়েছে।

এএইচ/পিএস

Link copied!