ছবি : সংগৃহীত
ঢাকা: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, 'বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে। মন্ত্রী আরও জানান, গত ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৭৮.০৬৭ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান মন্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সাংসদ রুমিন ফারহানা বর্তমান বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ, ঋণ পরিশোধে গৃহীত পদক্ষেপ এবং বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত কত ঋণ পরিশোধ করা হয়েছে, সে সম্পর্কে জানতে চান।
সংসদ সদস্যের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ৭৮ হাজার ৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ।’
বৈদেশিক ঋণ পরিশোধের বিষয়ে মন্ত্রী জানান, ‘অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধ করে থাকে। প্রতি অর্থবছর বৈদেশিক ঋণ পরিশোধের জন্য ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য মোট ব্যয় কত হতে পারে তার একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সে পরিমাণ অর্থ ঋণ পরিশোধ বাবদ বাজেটে সংস্থান রাখা হয়। বাজেট বরাদ্দ ব্যবহার করেই সারাবছর পরিশোধ সূচি অনুসরণ করে ঋণ পরিশোধ করা হচ্ছে।’
বর্তমান সরকারের আমলে ঋণ পরিশোধের পরিসংখ্যান তুলে ধরে অর্থমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত মোট ৯০.৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে।’
পিএস
আপনার মতামত লিখুন :