সবজিসহ সব পণ্যের দাম বাড়তি, অস্বস্তিতে ক্রেতা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০২:৪৩ পিএম
সবজিসহ সব পণ্যের দাম বাড়তি, অস্বস্তিতে ক্রেতা

ফাইল ছবি

ঢাকা: পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীতে ফিরেছেন অনেকেই। ঈদের পড়ে ক্রেতাদের সংকট কাটেনি রাজধানীতে। ক্রেতা সংকট থাকলেও বেশ চড়া রয়েছে সবজিসহ অন্যান্য পণ্যের দাম। এতে এক ধরণের অস্বস্তিতে রয়েছেন ক্রেতারা।

শুক্রবার (৫ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ঈদের ছুটির পর এখনো রাজধানীতে অনেক দোকান পুরোপুরি খোলেনি। এর ফলে বাজারে সবজির সরবরাহ স্বাভাবিকের চেয়ে বেশ কম। তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ, আড়ত বন্ধ বা সরবরাহ সংকটের অজুহাত তুলে কিছু মুনাফালোভী ব্যবসায়ী সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত দাম নিচ্ছেন।

বাজার ঘরে দেখা যায়, প্রতি কেজি কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা এবং চিচিঙ্গা ৬০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, পটল ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর বেগুনের দাম মানভেদে ৬০ থেকে ১২০ টাকা এবং কচুর লতির দাম ৮০ থেকে ১০০ টাকা কেজি।

এ ছাড়া টমেটো ৮০ থেকে ১০০ টাকা, মূলা ৭০ টাকা, ফুলকপি প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা এবং লাউ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে কাঁচামরিচের বাজারে কিছুটা স্বস্তি এসেছে। কেজিতে প্রায় ৪০ টাকা কমে বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ১০০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকা করে। লেবুর দামও কিছুটা কমেছে। বাজারে এক হালি লেবু এখন বিক্রি হচ্ছে ৮ থেকে ২০ টাকায়।

দেশি ধনেপাতা ২৫০ টাকা, হাইব্রিড ধনেপাতা ১৮০ টাকা কেজি এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা এবং দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে।

বিভিন্ন ধরণের শাকের মধ্যে লাল শাকের আঁটি ১৫ টাকা, লাউ শাক ৪০ টাকা, কলমি শাক আঁটি ১০ টাকা, পুঁই শাক ৩০ টাকা এবং ডাটা শাক ১০ টাকা আটি বিক্রি হচ্ছে।

মুরগির বাজার ঘুরে দেখা যায়, সোনালি কক মুরগি প্রতি কেজি ৩২০ টাকা, সোনালি হাইব্রিড ২৮০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া লাল লেয়ার মুরগি ৩৭০ টাকা এবং দেশি মুরগি ৭৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডিমের বাজারে প্রতি ডজন লাল ডিম ১৩০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি মুরগির ডিমের হালি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

স্বস্তি নেই মাছের বাজারে। ওজন ভেদে ৩০০ গ্রাম ওজনের এক কেজি ইলিশ ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা এবং ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া রুই মাছ ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা, পাঙ্গাস ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, কৈ মাছ ২০০ থেকে ২২০ টাকা এবং চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর দেশি মাগুরের দাম ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং দেশি শিং মাছ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পিএস

Link copied!