ফাইল ছবি
এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন সম্পন্ন হওয়ার পর এবার ঈদ বোনাস নিয়ে সুখবর দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। চলতি সপ্তাহে না হলেও আগামী সপ্তাহের মধ্যে শিক্ষকরা বোনাসের টাকা পেতে পারেন বলে রোববার (১০ মে) অধিদপ্তর সূত্রে জানা গেছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস সংক্রান্ত ফাইল ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগে পাঠানো হয়েছে। সাধারণত ফাইল পাঠানোর পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে চেক ছাড় করার প্রক্রিয়া সম্পন্ন হয়। সেই হিসাব অনুযায়ী, আগামী সপ্তাহের মধ্যেই বোনাসের চেক হস্তান্তরের সম্ভাবনা রয়েছে।
বর্তমানে দেশে এমপিওভুক্ত মাদ্রাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। এর মধ্যে ৫ হাজার ৭৬৭টি দাখিল, ১ হাজার ২৮৫টি আলিম, ৯৯৩টি ফাজিল এবং ১৮৪টি কামিল পর্যায়ের মাদ্রাসা রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক ও কর্মচারী কর্মরত আছেন।
দীর্ঘ প্রতীক্ষার পর বোনাস পাওয়ার এই খবরে স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা। আগামী কয়েক দিনের মধ্যে মন্ত্রণালয়ের দাপ্তরিক প্রক্রিয়া শেষ হলে ব্যাংকগুলোর মাধ্যমে এই অর্থ উত্তোলন করা যাবে। সংশ্লিষ্ট বিভাগগুলো দ্রুততম সময়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :