ফাইল ছবি
এসএসসি ও সমমান পরীক্ষায় আশানুরূপ ফলাফল না পাওয়া কিংবা অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য নতুন আশার বাণী শোনালেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, এখন থেকে শিক্ষার্থীরা শুধু নম্বর গণনার পুনঃনিরীক্ষণ নয়, বরং পুরো খাতা পুনর্মূল্যায়নের পূর্ণ সুযোগ পাবে। কোনো খাতা মূল্যায়ন বা নম্বর প্রদানে ভুলত্রুটি থেকে থাকলে তা শুধরে নেওয়ার সুযোগ তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমানের ফল প্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী জানান, পরীক্ষায় ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী কাক্সিক্ষত ফলাফল পায় না। এতদিন বোর্ডের ১৯৯৮ সালের পুরনো আইনের কারণে পুনঃনিরীক্ষণের আবেদনে শুধু নম্বর গণনা বা যোগফল দেখা হতো, পুরো খাতা আবার দেখার নিয়ম ছিল না। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে এই নিয়ম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে পুনর্মূল্যায়নের আবেদন করলে খাতা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পুনঃপরীক্ষা করা হবে এবং শিক্ষক বা মূল্যায়নে কোনো ভুল পরিলক্ষিত হলে তা সংশোধনে নেওয়া হবে যথাযথ পদক্ষেপ।
উল্লেখ্য, প্রকাশিত ফলাফলে এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে, যা গত বছরের ৬৮.৪৫ শতাংশের চেয়ে কম। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। শিক্ষামন্ত্রীর এই বার্তা অনুত্তীর্ণ ও প্রত্যাশিত ফল না পাওয়া পরীক্ষার্থীদের মাঝে খাতা পুনর্মূল্যায়নের নতুন সুযোগ এনে দিয়েছে।
এসএইচ