রাজশাহী বোর্ডে এসএসসিতে পাসের হার-জিপিএ উভয়ই কমেছে

  • রাজশাহী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬, ০২:৪৯ পিএম
রাজশাহী বোর্ডে এসএসসিতে পাসের হার-জিপিএ উভয়ই কমেছে

ছবি : প্রতিনিধি

রাজশাহী: রাজশাহী শিক্ষা বোর্ডে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এ বছর এ বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশ। আর সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী।

এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। রাজশাহী শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্ত ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৯৯১ জন ছাত্রী এবং ৭ হাজার ১২২ জন ছাত্র। অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তিতেও মেয়েদের সাফল্য বেশি।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর মোট ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন।

তবে গত বছরের তুলনায় এবার ফলাফলে উল্লেখযোগ্য অবনতি হয়েছে। গত বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৩ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ১৩ দশমিক ৯৬ শতাংশীয় পয়েন্ট এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৬ হাজার ২১৪ জন।

এদিকে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ২ হাজার ৭১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৫টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

পিএস

Link copied!