অভিনয় ছেড়ে ধনকুবেরকে বিয়ে করে ৪৮ হাজার কোটির মালিক গায়ত্রী 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৬:৩৫ পিএম
অভিনয় ছেড়ে ধনকুবেরকে বিয়ে করে ৪৮ হাজার কোটির মালিক গায়ত্রী 

ফাইল ছবি

বলিউডে অভিনয়জীবনের পরিধি অনেকের খুব একটা দীর্ঘ হয় না। কেউ দীর্ঘ সময় ক্যামেরা ও রূপালি আলো আঁকড়ে থাকেন, আবার কেউ অল্প সময়েই দর্শকহৃদয়ে দাগ কেটে আড়ালে হারিয়ে যান। তাঁদেরই একজন ‘স্বদেশ’ সিনেমাখ্যাত অভিনেত্রী গায়ত্রী যোশী ওবেরয়। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে দারুণ পরিচিতি পেলেও মাত্র ২৮ বছর বয়সে বিনোদনজগৎকে বিদায় জানান তিনি।

সম্প্রতি প্রকাশিত হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এ ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে নাম এসেছে শাহরুখ খানের। যেখানে তাঁর সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে প্রায় ১০ হাজার কোটি রুপি। এরপরই রূপালি পর্দা ছেড়ে দেওয়া শাহরুখের ‘স্বদেশ’ সহশিল্পী গায়ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে চর্চা শুরু হয়েছে।

গায়ত্রীর স্বামী বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী বিকাশ ওবেরয়। হুরুনের ২০২৬ সালের ওই তালিকা অনুযায়ী, বিকাশের মোট সম্পদের পরিমাণ প্রায় ৪৮ হাজার ১০০ কোটি রুপি। সম্পদের হিসাব বিচারে বর্তমানে তিনি ভারতের ৫৯তম শীর্ষ ধনী ব্যক্তি।

নব্বইয়ের দশকে ভিডিও জকি হিসেবে মিডিয়া জগতে পথচলা শুরু হয়েছিল গায়ত্রীর। এরপর ২০০০ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নেন এবং মিস ইন্টারন্যাশনালেও ভারতের প্রতিনিধিত্ব করেন। ২০০৪ সালে আশুতোষ গোয়ারিকরের ‘স্বদেশ’ সিনেমায় গীতা চরিত্রে অভিনয় করে বোদ্ধাদের ব্যাপক প্রশংসা কুড়ান তিনি। কিন্তু এই একটি সিনেমার পরেই তিনি অভিনয়জীবনকে গুডবাই জানান।

পরবর্তী সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে গায়ত্রী জানিয়েছিলেন, সংসার ও সন্তানদের পুরোপুরি সময় দিতেই তিনি এই সিদ্ধান্ত নেন। কাজ কিংবা জীবন, কোনো কিছুতেই অর্ধেক মনোযোগ দিতে চাননি বলেই অভিনয় ছেড়ে পরিবারকে বেছে নিয়েছিলেন।

সিনেমার আলোকোজ্জ্বল জগৎ থেকে বহু দূরে সরে গেলেও ‘স্বদেশ’ ছবির সেই অমলিন অভিনয় এবং স্বামী বিকাশ ওবেরয়ের বিশাল সাম্রাজ্যের কারণে গায়ত্রী যোশী আজও অনুরাগীদের কাছে এক আকর্ষণীয় নাম।

এসএইচ 

Link copied!