নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৫:২১ পিএম
নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

ছবি: সংগৃহীত

কুমিল্লার বরুড়া উপজেলায় কার্যাক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের আড্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বাদল, তরিকত ফেডারেশনের সদস্য সচিব আবুল কালাম আজাদ, গালিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান বাচ্চু মিয়া, শাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সোলেমান মেম্বার, আগানগর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সদস্য জাকির হোসেন, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য হুমায়ূন কবির ও সর্দার আমির হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও জেলা বিএনপির নেতারা নবযোগদানকৃতদের হাতে দলীয় পতাকা এবং ফুল তুলে দিয়ে বরণ করে নেন।

প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া তাহের সুমন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শরিক হতেই আওয়ামী লীগের অনেকেই এখন বিএনপিতে যোগ দিচ্ছেন। ঐক্যবদ্ধভাবে আগামীর প্রতিটি আন্দোলন-সংগ্রামে কাজ করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানান তিনি।

অন্যদিকে যোগদানকারী নেতারা জানান, এতদিন আগের দলে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করার প্রকৃত সুযোগ তাঁরা পাননি। মূলত বিএনপির রাজনৈতিক আদর্শ ও শহীদ জিয়ার নীতিতে অনুপ্রাণিত হয়েই তাঁরা এই নতুন রাজনৈতিক পথ বেছে নিয়েছেন।

এসএইচ

Link copied!