ফাইল ছবি
ঢাকা: দেশে ডেঙ্গুর প্রকোপ কোনোভাবেই কমছে না। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ৭ জন ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরের বাসিন্দা এবং একজন খুলনা বিভাগের। অর্থাৎ, এ সময়ে ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন ডেঙ্গুরোগী। বিভাগভিত্তিক হিসাবে রাজশাহীতে ২২৯ জন, খুলনায় ২২০ জন, বরিশালে ২১১ জন, চট্টগ্রামে ২০৬ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ১৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ২০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে, ঢাকা মহানগরের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৬৭ জন ডেঙ্গুরোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন।
একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৭৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১৩৬ জন।
পিএস