ফাইল ছবি
পাকিস্তানের মধ্যস্থতায় রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় শান্তি আলোচনা। দীর্ঘদিনের বৈরিতা ও সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠককে আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি কূটনৈতিক সংলাপ বলে মনে করা হচ্ছে। দীর্ঘ সময়ের শত্রুতা ও আস্থাহীনতার পর এই আলোচনায় দুই পক্ষ সংকট নিরসনের সম্ভাব্য পথ খুঁজছে।
বৈঠকটি এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন উভয় দেশের মধ্যে চলমান উত্তেজনা কমাতে ১৪ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। আলোচনার মূল লক্ষ্য হলো এই যুদ্ধবিরতিকে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তিতে রূপ দেওয়া।
আয়োজক ও মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান বলছে, দুই দেশের মধ্যে যোগাযোগ স্থাপন ও আস্থার সংকট দূর করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও মনে করছেন, ইসলামাবাদের ভূমিকা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে এই আলোচনা একটি সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। তবে বাস্তব অগ্রগতি কতটা হবে, তা নির্ভর করছে উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছার ওপর।
বিশ্বজুড়ে এখন নজর ইসলামাবাদের আলোচনার দিকে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইরান কোনো স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারে কি না, তা নিয়েই অপেক্ষা করছে আন্তর্জাতিক মহল।
এসএইচ
আপনার মতামত লিখুন :