ছবি: সংগৃহীত
রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদাবাজির অপচেষ্টা ও ‘মব’ তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় দ্রুত রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. কামরুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর থেকে মঈন উদ্দিন নামে এক ব্যক্তি, যিনি যুবদল নেতা হিসেবে পরিচিত, বিভিন্ন ধরনের মালামাল সরবরাহের কাজের চাপ সৃষ্টি করে আসছিলেন। এ নিয়ে একাধিকবার বিরক্তিকর পরিস্থিতি তৈরি হয় বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ওই ব্যক্তি হাসপাতালকে অজ্ঞাতসারে ডিম ও চাল সরবরাহ করলেও বাজারদরের তুলনায় প্রতি কেজিতে প্রায় ১০ টাকা বেশি নেওয়া হচ্ছিল। হাসপাতালটি বাণিজ্যিক প্রতিষ্ঠান না হওয়ায় তারা পরে সরাসরি বাজার থেকে পণ্য আনার সিদ্ধান্ত নেয়।
অধ্যাপক কামরুল ইসলাম আরও বলেন, এ সিদ্ধান্তের পর ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ১০ এপ্রিল সকাল ৯টা ৪৫ মিনিটে হাসপাতালে এসে ‘মব’ তৈরির চেষ্টা করেন এবং কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এর আগে ২৯ মার্চও তিনি হাসপাতালে এসে কর্মচারীদের হুমকি দেন এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় ৩০ মার্চ শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় রাজনৈতিক নেতাদের বিষয়টি জানানো হলে তারা বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৭ বছরে প্রতিষ্ঠানটি দুই হাজারের বেশি সফল কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করেছে। পাশাপাশি রোগী ও স্টাফদের জন্য প্রতিদিন তিন বেলা বিনামূল্যে খাবারের ব্যবস্থা রয়েছে এবং স্বল্প খরচে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক কামরুল ইসলাম। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন ঘটনা রোধ করে একটি নিরাপদ ও চাঁদাবাজমুক্ত স্বাস্থ্যসেবা পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :