রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধ সাময়িকভাবে থামাতে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, ৯ থেকে ১১ মে পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।
ট্রাম্প দাবি করেন, তার সরাসরি উদ্যোগ ও আলোচনার ফলেই উভয় পক্ষ এই সাময়িক সমঝোতায় রাজি হয়েছে। তিনি পুতিন ও জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই পদক্ষেপ দীর্ঘ যুদ্ধের অবসানের সূচনা হতে পারে।
যুদ্ধবিরতির ঘোষণার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ থামানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এই বিরতি মানবিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। একই সঙ্গে দুই দেশের মধ্যে এক হাজার করে মোট দুই হাজার যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।
ক্রেমলিনের পক্ষ থেকেও যুদ্ধবিরতির বিষয়টি স্বীকার করা হয়েছে। রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানান, মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়েও সাম্প্রতিক আলোচনায় কথা হয়েছে বলে জানান তিনি।
এর আগে রাশিয়া একতরফাভাবে বিজয় দিবসকে ঘিরে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। পাল্টা ইউক্রেনও আলাদা করে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। তবে দুই পক্ষই অতীতে একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
তবে শান্তি আলোচনার বড় বাধা এখনো কাটেনি। বিশেষ করে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চল নিয়ে মস্কো ও কিয়েভের অবস্থান একেবারেই বিপরীত। রাশিয়া দখলকৃত অঞ্চল ছাড়তে বললেও ইউক্রেন স্পষ্ট জানিয়েছে, নিজেদের ভূখণ্ডের কোনো অংশ ছেড়ে দেওয়া হবে না। সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স
এম
আপনার মতামত লিখুন :