দক্ষিণ লেবাননে ভয়াবহ ইসরায়েলি হামলায় নিহত ১৬

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৮, ২০২৬, ০৭:৪৫ পিএম
দক্ষিণ লেবাননে ভয়াবহ ইসরায়েলি হামলায় নিহত ১৬

ছবি : সংগৃহীত

ঢাকা: দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ। ইসরায়েল দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করার পাশাপাশি ব্যাপক হারে মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন সদস্যও রয়েছেন। ভোরে সিদন ও টাইর শহরকে সংযোগকারী আদলুন মহাসড়কে ইসরায়েলি ড্রোন হামলায় তারা প্রাণ হারান। 

এর পাশাপাশি দক্ষিণ লেবাননের আবাসিক এলাকা, সড়ক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, নাবাতিয়ে এলাকায় ইসরায়েলি হামলায় তাদের এক সৈন্য নিহত হয়েছেন। সাম্প্রতিক দিনগুলোতে একাধিক হামলায় সেনা সদস্যদেরও প্রাণহানির ঘটনা ঘটেছে।

ইসরায়েল দক্ষিণাঞ্চলের বড় অংশ, বিশেষ করে টাইর ও আশপাশের এলাকায়, জরুরি ভিত্তিতে এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। বাসিন্দাদের জাহরানি নদীর উত্তরে সরে যেতে বলা হয়েছে, যা ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। সামাজিক মাধ্যমে প্রকাশিত সতর্কবার্তার পর হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

টাইর শহরে রাতভর বিমান হামলায় একটি ভবন ও একটি ক্যাফে ক্ষতিগ্রস্ত হয়। এতে আগুন ধরে যায় এবং ধ্বংসস্তূপের নিচে উদ্ধারকর্মীরা হতাহতদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহর “অবকাঠামো” লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে বাস্তবে এসব হামলায় বহুবার বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এসআই

Link copied!