বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় উত্থান

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৬:৩১ পিএম
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় উত্থান

ফাইল ছবি

তলানিতে নামার পর বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে জোরালো পুনরুদ্ধার দেখা গেছে। কম দামে কেনার প্রবণতা ও আগের হিসাব গুটিয়ে নেওয়ায় ধাতু দুটির বাজার চাঙা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও সুদের হার বাড়ার আশঙ্কায় এ উত্থান কতদিন টিকবে, তা নিয়ে সংশয় রয়েছে।

গত শুক্রবার বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ শতাংশ বেড়ে ৩ হাজার ৬৭২ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে। ওই দিন যুক্তরাষ্ট্রের বাজারে স্বর্ণের অগ্রিম দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে ৩ হাজার ৬৭১ দশমিক ৯০ ডলার হয়েছে। এক আউন্স রুপার দাম ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪৪ দশমিক ২৭ ডলারে উঠেছে। লাইভমিন্টের খবরে বলা হয়, ভারতের এমসিএক্স বাজারে ডিসেম্বরের স্বর্ণের অগ্রিম দাম প্রতি ১০ গ্রামে ১ লাখ ২২ হাজার ২৭২ রুপি এবং রুপার দাম প্রতি কেজিতে ১ লাখ ৪৫ হাজার ৮৪৩ রুপিতে সপ্তাহ শেষ করেছে।

বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির কারণে প্রযুক্তি শেয়ারে অস্থিরতা কিছুটা কমেছে। এতে স্বর্ণ ও রুপা বিক্রির চাপও কমেছে। কম দামে কেনার আগ্রহ বাড়ায় দাম উঠছে। কিন্তু গত অক্টোবরে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৩ দশমিক ৩ শতাংশে পৌঁছানো এবং অর্থনীতির গতি প্রত্যাশার চেয়ে ভালো থাকায় সুদের হার বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। সুদের হার বাড়লে স্বর্ণ ও রুপার মতো সম্পদে বিনিয়োগের আগ্রহ কমে যায়।

ব্রিকওয়ার্ক রেটিংসের গবেষণা প্রধান রাজীব শরণ মনে করেন, সামনে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৪৫০ থেকে ৩ হাজার ৭৫০ ডলারের মধ্যে থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, একসঙ্গে বড় বিনিয়োগ না করে অল্প অল্প করে কেনাই এখন ভালো হবে। কারণ দাম দীর্ঘদিন বাড়তে থাকবে, এমন নিশ্চয়তা নেই।

সূত্র: লাইভমিন্ট

এসএইচ 

Link copied!