ফাইল ছবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ইসফাহান প্রদেশের প্রাচীন ঐতিহাসিক স্থাপনাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এসব হামলায় প্রদেশটির শিল্প ও প্রতিরক্ষা অবকাঠামোরও ক্ষতি হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বার্তায় এ কথা জানান আরাগচি। একটি সাংস্কৃতিক সম্মেলনে পাঠানো ওই বার্তায় তিনি বলেন, সাম্প্রতিক দুটি যুদ্ধে ইসফাহানের আধুনিক সক্ষমতার পাশাপাশি ঐতিহ্যবাহী স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ ও ঐতিহাসিক ভবন পুনরুদ্ধারের কাজ ইতিমধ্যে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।
আরাগচি আরও বলেন, শত্রুদের বিরুদ্ধে ইরানের বিজয় নিশ্চিত হওয়া এবং চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসান ঘটার পর শান্তির কূটনীতি নতুন দিগন্ত উন্মোচন করেছে। ইসফাহানকে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে শান্তির কূটনীতি, সাংস্কৃতিক যোগাযোগ ও পর্যটনের অন্যতম কেন্দ্রে পরিণত করার আহ্বান জানান তিনি।
এদিকে, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক অভিযান চালানো হলে মার্কিন বাহিনীকে এ অঞ্চল ছেড়ে নিজ দেশে ফিরে যেতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। গতকাল শুক্রবার রাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
শাহরাম ইরানি দাবি করেন, মার্কিন বাহিনীকে পিছু হটে আরব সাগর ও উত্তর ভারত মহাসাগরে অবস্থান নিতে বাধ্য করা হয়েছে। যুদ্ধের আগে চাপ সৃষ্টির জন্য নৌ অবরোধ আরোপ করা হলেও চলমান যুদ্ধের মধ্যে এমন ঘোষণা সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতারই প্রমাণ। ইরানের নৌবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সমন্বিত প্রতিরোধে শত্রুপক্ষ আটকে গেছে এবং বর্তমানে তারা হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি চাওয়ার পর্যায়ে নেমে এসেছে।
ইরানের বন্দরগুলো সচল রাখতে নাবিক, জাহাজের কর্মী ও তেলবাহী ট্যাংকারের শ্রমিকদের দিনরাত কাজের প্রশংসা করেন নৌবাহিনী প্রধান। তিনি জানান, সর্বাধিনায়কের নতুন নির্দেশনা অনুযায়ী ইরানের সামরিক বাহিনী এখন থেকে অভিযান পরিচালনায় ভৌগোলিক সীমাবদ্ধতায় আবদ্ধ থাকবে না। শত্রুপক্ষের যেকোনো পদক্ষেপের জবাব দিতে সামরিক সক্ষমতা আরও বাড়ানো হবে।
বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের অভিযানে ঘাঁটির কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন শাহরাম ইরানি। তাঁর ভাষ্যমতে, এতে মার্কিন বাহিনী তাদের কমান্ড কাঠামোর কিছু অংশ অধিকৃত ভূখণ্ড ও নৌযানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের ডেনা যুদ্ধজাহাজে নাবিক হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
এসএইচ