ছবি: সংগৃহীত
কৈশোরে এক কাছের বন্ধুকে আত্মহত্যায় হারানোর বেদনা থেকেই মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার তাগিদ অনুভব করেছিলেন লামিয়া তাসনীম। ব্যক্তিগত সেই উপলব্ধিকে সামাজিক উদ্যোগে রূপ দিয়ে তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানে মনোসামাজিক সহায়তা পৌঁছে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন তিনি। ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন বাংলাদেশের এই তরুণ সংগঠক ও মানসিক স্বাস্থ্যকর্মী।
লামিয়া তাসনীম বর্তমানে মানসিক স্বাস্থ্যবিষয়ক সংগঠন ‘লেটস টক মেন্টাল হেলথ’-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে প্রচলিত সংকোচ ও ভুল ধারণা দূর করার পাশাপাশি তরুণদের জন্য সহজলভ্য মনোসামাজিক সহায়তা নিশ্চিত করাই তাঁর কাজের অন্যতম লক্ষ্য। বিশেষ করে প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি তাঁর উদ্যোগে বিশেষ গুরুত্ব পেয়েছে।
এই লক্ষ্য বাস্তবায়নে লামিয়ার নেতৃত্বে পরিচালিত অন্যতম উদ্যোগ ‘ব্রেইনওয়েভস’। এ কর্মসূচির আওতায় গ্রামীণ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তাঁরা শিক্ষার্থীদের আচরণ ও আবেগগত পরিবর্তন দেখে মানসিক সংকটের প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী সহায়তার ব্যবস্থা নিতে পারেন। ইতিমধ্যে দেশের ২৬টি জেলার ৫০টি গ্রামীণ বিদ্যালয়ে এ কার্যক্রম পৌঁছেছে, যার মাধ্যমে প্রায় ৩৯ হাজার ৫০০ শিক্ষার্থী উপকৃত হয়েছে।
এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মনোসামাজিক বিকাশ ও সৃজনশীলতার সুযোগ তৈরিতে সংগঠনটির ‘হ্যাপি মাইন্ডস’ কর্মসূচির মাধ্যমে কাজ হয়েছে ৮ হাজার শিশুকে নিয়ে। এসব উদ্যোগের মাধ্যমে বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য নিয়ে ইতিবাচক পরিবেশ তৈরির পাশাপাশি শিশু-কিশোরদের কথা শোনা এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোর সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা চলছে।
রাজধানীর মতিঝিল আইডিয়াল কলেজের প্রাক্তন শিক্ষার্থী লামিয়া তাসনীম বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার অব পাবলিক হেলথ) অধ্যয়ন করছেন। সামাজিক উদ্যোগের পাশাপাশি জনস্বাস্থ্যবিষয়ক শিক্ষা ও গবেষণার মধ্য দিয়ে মানুষের স্বাস্থ্যসেবায় আরও কার্যকর অবদান রাখার প্রত্যাশা করেন তিনি।
প্রয়াত ডায়ানা, প্রিন্সেস অব ওয়েলসের বিশ্বাসকে ধারণ করে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় ‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড’। তরুণদের নেতৃত্ব, সামাজিক উদ্যোগ ও মানবিক কাজের মাধ্যমে সমাজ, দেশ ও বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনার সক্ষমতাকে স্বীকৃতি দেওয়াই এ পুরস্কারের মূল উদ্দেশ্য।
তবে এই আন্তর্জাতিক স্বীকৃতিকে নিজের একার অর্জন হিসেবে দেখেন না লামিয়া। তাঁর মতে, এ পথচলায় সংগঠনের সহকর্মী, স্বেচ্ছাসেবক, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন কমিউনিটির মানুষের সম্মিলিত অবদান রয়েছে। বাংলাদেশের মানুষের জন্য কাজ করার সুযোগ ও অনুপ্রেরণা হিসেবেই তিনি এ সম্মাননাকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ভবিষ্যতে মানসিক স্বাস্থ্যকে সামগ্রিক জনস্বাস্থ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে চান লামিয়া। কোনো তরুণ যেন নিজের মানসিক সংকট নিয়ে একা অনুভব না করে, সেই লক্ষ্যেই কাজ চালিয়ে যেতে চান তিনি। তাঁর এ অর্জন আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের তরুণদের সামাজিক নেতৃত্ব ও মানবিক উদ্যোগের সক্ষমতাকেও নতুন করে তুলে ধরেছে।
এসএইচ