জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ, আহ্বায়ক সাইফুর ও সদস্য সচিব আহসান

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৩:৫৯ পিএম
জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ, আহ্বায়ক সাইফুর ও সদস্য সচিব আহসান

ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থক সাংবাদিকদের নিয়ে জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠান ও আলোচনা সভায় ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর সাগরকে আহ্বায়ক এবং চ্যানেল আইয়ের আহসান কামরুলকে সদস্য সচিব করে এ নতুন কমিটি ঘোষণা করা হয়। শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসিয়ারা জামান অনুষ্ঠানে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক জাতীয় অর্থনীতির প্রকাশক লুৎফর রহমান বাদল, দৈনিক পাঞ্জেরীর সম্পাদক তালুকদার রুমি, এখন টিভির মাহমুদ রাকিব, চ্যানেল আইয়ের আকতার হাবীব, দ্য নিউ নেশনের শিমুল পারভেজ, ডেইলি ইন্ডাস্ট্রির রিয়াজুর রহমান রিয়াজ এবং দৈনিক জনকণ্ঠের ইসরাফিল ফরাজী।

যুগ্ম সদস্য সচিব করা হয়েছে দৈনিক জনকণ্ঠের আবদুর রহিম, বাংলাভিশনের কেফায়েত শাকিল, ভিওডি বাংলার নুরুল ইসলাম খান মামুন, ফ্রিল্যান্স সাংবাদিক ওবায়দুর রহমান, ফ্রিল্যান্স সাংবাদিক একেএম রেজাউল করিম, দৈনিক বর্তমানের নিজাম উদ্দিন দরবেশ এবং দৈনিক রূপালী বাংলাদেশের রহমতুল্লাহকে।

এছাড়া কমিটির সদস্য হিসেবে যুক্ত হয়েছেন অনলাইন বাংলার সম্পাদক খোমেনি এহসান, এটিএন বাংলার আল ইমরান, এশিয়া পোস্টের অন্তু মোজাহিদ, দৈনিক যায়যায়দিনের জালাল আহমেদ, ফ্রিল্যান্স সাংবাদিক রাকেশ রহমান, সোনালী নিউজের বার্তা সম্পাদক সাজ্জাদ হোসেন, দৈনিক ইত্তেফাকের ডিজিটাল হেড ফখরুল ইসলাম, আরটিএনএনের আবু বকর সিদ্দিক, দৈনিক মানবজমিনের মিফতাহুল জান্নাত, বাংলানিউজের ফারজানা ববি, বাংলাদেশ টাইমসের তাসবির ইকবাল, নতুন আশার মোর্শেদুল আলম, দেশ রূপান্তরের কেফায়েত রুমী, দেশ টিভির মেহেদী হাসান বাপ্পি, চ্যানেল আইয়ের রাশেদ মানিক, বাংলাভিশনের ওমর ফারুক, স্টার নিউজের এইচএম ইমরান হোসেন এবং আজাদ বাণীর মেহরাজ রাব্বি।

অনুষ্ঠানে জেজেইউর আহ্বায়ক সাইফুর সাগর জানান, জুলাই জার্নালিস্ট ইউনিটি সময়ের প্রয়োজনে তৈরি হয়েছে এবং জুলাইপন্থী সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

সদস্য সচিব আহসান কামরুল বলেন, গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যম সঠিক ভূমিকা রাখতে না পারলেও এখনো মানুষের প্রত্যাশা রয়েছে, যা পূরণে তারা কাজ করবেন। স্বাগত বক্তব্যে সদস্য খোমেনি এহসান বলেন, নির্ভয়ে সত্য বলার অধিকার নিশ্চিত করা এবং হামলা, মামলা ও চাকরিচ্যুতির হুমকি থেকে কলম থামতে না দেওয়াই তাদের মূল অঙ্গীকার। যুগ্ম আহ্বায়ক তালুকদার রুমি বঞ্চিত সাংবাদিকদের ন্যায্য হিস্যা আদায়ে কাজ করার কথা জানান।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পূর্ববর্তীদের মতো না হয়ে আত্মসমালোচনা ও সৃষ্টিশীল কাজের আহ্বান জানান। ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস দলান্ধতার পরিবর্তে দেশের জন্য কাজ করার পরামর্শ দেন। আলোকচিত্রী শহীদুল আলম ভবিষ্যতে শেখ হাসিনার ছবি ঝোলানোর মতো পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটিয়ে নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দেন, যাতে সরকার পরিবর্তনে কাউকে পালিয়ে যেতে না হয়।

আলোচনা সভায় শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন এবং শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসিয়ারা জামানও বক্তব্য দেন। তারা সংগঠনের আত্মপ্রকাশে আশা প্রকাশ করে শত্রুও যেন অন্যায়ের শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ দেন। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএইচ 

Link copied!