ডিআরইউ’র ৩১ কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় শিক্ষায় গুণগত মান নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৬, ০৮:২৫ পিএম
ডিআরইউ’র ৩১ কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় শিক্ষায় গুণগত মান নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার

ছবি: সংগৃহীত

শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর জোরালো তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেছেন, শিক্ষার মূল লক্ষ্য কেবল সনদ অর্জন নয়, বরং নাগরিকত্ববোধ তৈরি, দক্ষতা বৃদ্ধি ও উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করা। একজন শিক্ষার্থী দ্বাদশ শ্রেণি পাস করার পর তার জ্ঞানের মানও সেই সমপর্যায়ের হওয়া উচিত, অন্যথায় সেটি উদ্বেগের বিষয়।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ২০২৬ সালের এসএসসি এবং ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সদস্যদের ৩১ জন কৃতী সন্তানকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সাফল্য মানুষকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখালেও এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো পরিবার, দেশ ও মানুষের প্রতি ভালোবাসা। বর্তমান সময়ে বিজ্ঞান, গণিত ও প্রযুক্তিগত শিক্ষার প্রতি আগ্রহ কমে যাওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কৃতী শিক্ষার্থীরা নিজেদের অর্জন ও গবেষণার মাধ্যমে সমাজ পরিবর্তনের রোল মডেল হতে পারে। মুক্তিযুদ্ধের চেতনার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক কল্যাণরাষ্ট্র গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও মেধা দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ভালো ফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্শিয়াল (এসবিএসি) ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী, ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হাসান রহমান এবং এসবিএসি ব্যাংকের ব্র্যান্ডিং কমিউনিকেশন ও পাবলিক রিলেশন বিভাগের প্রধান মো. আসাদুল্লাহিল গালিব। এছাড়া ডিআরইউর বিভিন্ন পর্যায়ের নেতারাও অনুষ্ঠানে বক্তব্য দেন। আলোচনা শেষে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও বৃত্তির অর্থ তুলে দেন।

এসএইচ 

মিডিয়া বিভাগের সাম্প্রতিক খবর

Link copied!