এই নির্বাচনে অভিযাত্রার সূচনা, নুতন বাংলাদেশের জন্ম: প্রধান উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১০:৪৪ পিএম
এই নির্বাচনে অভিযাত্রার সূচনা, নুতন বাংলাদেশের জন্ম: প্রধান উপদেষ্টা

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে একটি উৎসবমুখর, শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত এই নির্বাচন সেটির একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ‘এই নির্বাচন কেবল একটা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, নতুন অভিযাত্রার সূচনা। নুতন বাংলাদেশের জন্ম।’ 

জুলাই সনদ অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন উল্লেখ করে করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, জাতি কখনো জুলাই সনদের কথা ভুলবে না।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ। যার ভিত্তিতে গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে দেশের মানুষ। জুলাই সনদের বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। আশা করবো এটা নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়ন হবে। অন্তর্বর্তী সরকারের ছোটবড় ভালো মন্দ অনেক কথা ভুলে গেলেও জুলাই সনদের কথা জাতি কখনো ভুলবে না।’

স্বপ্ন, আকাঙ্খা ও শক্তিকে বাঁচিয়ে রাখতে পারলে বাংলাদেশকে কেউ কোনদিন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা হিসেবে শেষ কর্মদিবসে বিদায় নেওয়ার আগে তিনি বলেন, শূন্য থেকে নয় বরং মাইনাস পয়েন্ট থেকে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে।

তিনি বলেন, '‘আমরা শূন্য থেকে শুরু করিনি—শুরু করেছি মাইনাস থেকে। ধ্বংসস্তূপ পরিষ্কার করে প্রতিষ্ঠান দাঁড় করিয়ে তারপর সংস্কারের পথ ধরেছি। আজ অন্তর্বর্তী সরকার বিদায় নিচ্ছে। কিন্তু গণতন্ত্র, জবাবদিহিতা, বাকস্বাধীনতা ও অধিকার চর্চার যে ধারা শুরু হয়েছে—তা যেন কখনো থেমে না যায়।’

নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব সকলের বলে আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

Link copied!