অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে দলের শীর্ষ দুই নেতা শর্তসাপেক্ষে এ সনদে সই করেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে গণভোটে প্রাপ্ত গণরায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়নের অঙ্গীকারের ভিত্তিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
সনদে স্বাক্ষর শেষে ব্রিফিংয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সরকারের আহ্বানে আহ্বায়ক নাহিদ ইসলাম–এর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল যমুনায় উপস্থিত হয়। সেখানে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর সম্পন্ন করা হয়। তবে দলটি স্পষ্টভাবে জানিয়ে দেয়, গণভোটের রায়ের বাস্তবায়ন নিশ্চিত না হলে সনদের কার্যকারিতা অর্থবহ হবে না।
আখতার হোসেন বলেন, এবারের নির্বাচন একইসঙ্গে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের জন্য অনুষ্ঠিত হয়েছে। সে বিবেচনায় তাদের প্রত্যাশা—প্রথমে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হবে, এরপর জাতীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। রংপুর-৪ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য আরও জানান, দুই ক্ষেত্রেই শপথ অনুষ্ঠান জুলাই জাতীয় সনদের প্রক্রিয়া অনুসরণ করেই এবং প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সম্পন্ন হওয়া উচিত।
তিনি দাবি করেন, জাতীয় সংসদ নির্বাচনে জনগণ গণভোটের পক্ষে স্পষ্ট মত দিয়েছে। ফলে গণভোটের বিষয়গুলো নিয়ে আর কোনো অস্পষ্টতার অবকাশ নেই। জুলাই জাতীয় সনদকে তিনি “নতুন বাংলাদেশ গড়ার সুযোগ” হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এ সনদের মাধ্যমে অর্জিত বিষয়গুলো পূর্ণমাত্রায় বাস্তবায়ন হলেই দেশ কাঙ্ক্ষিত সুফল পাবে।
সংবাদ সম্মেলনে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আইন উপদেষ্টা ও সংসদ বিভাগের সচিবের সঙ্গে আলোচনা করে তারা জেনেছেন—আগামীকাল দুই ধরনের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গণভোটের নির্দেশনা অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিরা একইসঙ্গে জাতীয় সংসদ ও সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও তিনি উল্লেখ করেন।
এম
আপনার মতামত লিখুন :