ছবি: প্রতিনিধি
তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদসহ আরো কয়েকজন।
মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য ফোন পেয়েছেন এমন কয়েকজনের নাম বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
তাদের মধ্যে আরও আছেন স্থায়ী কমিটির সদস্য চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ, এহসানুল হক মিলন।
এ ছাড়া বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন এবং গণসংহতি আন্দোলন-এর প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিও ফোন পেয়েছেন বলে খবর রয়েছে। তবে দুপুরের পর বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, দলীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা তিনি পাননি।
দলের এক স্থায়ী কমিটির সদস্য জানিয়েছেন, প্রত্যাশিত অনেক নেতা এবার মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন না; আবার সাবেক কয়েকজন মন্ত্রী সম্ভাব্য তালিকায় রয়েছেন। এতে বোঝা যাচ্ছে, নতুন সরকার গঠনে অভিজ্ঞতা ও রাজনৈতিক ভারসাম্য—দুই বিষয়ই বিবেচনায় রাখা হচ্ছে।
সকালে নবনির্বাচিত বিএনপি এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এ সিদ্ধান্তও রাজনৈতিক আলোচনায় রয়েছে।
সূত্র বলছে, মন্ত্রিসভার আকার প্রায় ৪০ জনের মতো হতে পারে। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে সরকার পরিচালনার পরিকল্পনা করছেন তারেক রহমান। শপথের প্রস্তুতির অংশ হিসেবে পরিবহন পুল থেকে ৩৭টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে এবং নতুন মন্ত্রীদের জন্য সমসংখ্যক সরকারি বাসাও প্রস্তুত করা হচ্ছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :