আমাদের সবকিছুর মধ্যে গণতন্ত্র থাকবে: মির্জা ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৩:০৪ পিএম
আমাদের সবকিছুর মধ্যে গণতন্ত্র থাকবে: মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চ্যালেঞ্জ নিয়ে এসেছি, সেই চ্যালেঞ্জ হচ্ছে জাতি গঠনের চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী বলেছিলেন, তার প্ল্যান আছে। মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। গণতন্ত্র নিয়ে সামনে এগোতে চাই। আমাদের সবকিছুর মধ্যে গণতন্ত্র থাকবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমরা। চ্যালেঞ্জটা হচ্ছে-টু বিল্ড দ্য নেশন (দেশকে গড়ে তোলা)। আমাদের প্রধানমন্ত্রী, যিনি আমাদের এখন নেতৃত্ব দিচ্ছেন, তার প্রথম কথাটি ছিল বাংলাদেশের জন্য, আই হ্যাভ এ প্ল্যান (আমার একটি পরিকল্পনা আছে)। 

তিনি বলেন, সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তিনি তাঁর মন্ত্রিসভা গঠন করেছেন। মন্ত্রিসভা তাঁর পরিকল্পনা বাস্তবায়ন করবে, বাংলাদেশের মানুষের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমাদের সবকিছুর মধ্যেই গণতন্ত্র থাকবে। আমরা সেই গণতন্ত্রকে বিশ্বাস করি। বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়-এটার পুরোপুরি মানুষের সঙ্গে সম্পর্ক, একেবারে গ্রাসরুট (তৃণমূল) মানুষের সঙ্গে। আমার একটি অ্যাডভান্টেজ আছে, আমি কিন্তু একসময় নিজে লোকাল গভর্নমেন্টে ছিলাম।

তিনি আরও বলেন, আমরা এই বিষয়গুলো সম্পর্কে কিছু ধারণা রাখি। আমি বিশ্বাস করি যে আপনাদের এই মন্ত্রণালয়কে অত্যন্ত ডাইনামিক (গতিময়) একটি মন্ত্রণালয়ে পরিণত করতে পারব। মানুষের যে সমস্যাগুলো আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারব।

পিএস

Link copied!