ফাইল ছবি
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হবে। প্রস্তাব অনুমোদন হলে এবার ঈদের ছুটি কার্যত সাত দিনে গড়াতে পারে।
চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে-এ সম্ভাব্য তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে।
এখন ১৮ মার্চও ছুটি ঘোষণা করা হলে ঈদের আগে টানা চার দিনের ছুটি মিলবে। কারণ ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি রয়েছে। ফলে ঈদের দিন ও পরের দুই দিন মিলিয়ে মোট ছুটি সাত দিনে দাঁড়াতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উঠবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ঈদের পরপরই ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং এরপর সাপ্তাহিক ছুটি থাকায় দীর্ঘ ছুটি এড়াতে ঈদের আগে ছুটি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এসএইচ
আপনার মতামত লিখুন :