পে-স্কেলের গেজেট চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৮:৩১ পিএম
পে-স্কেলের গেজেট চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

ফাইল ছবি

পে-স্কেলের গেজেট জারির দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ একযোগে ১৪ মন্ত্রী ও ৬ প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। বুধবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর এসব স্মারকলিপি দেন সংগঠনটির নেতারা।

প্রধানমন্ত্রী ছাড়াও শিক্ষামন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী, সংস্কৃতিমন্ত্রী, খাদ্যমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ও প্রতিমন্ত্রী, অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও প্রতিমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী, আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, সমাজকল্যাণমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, অষ্টম পে-স্কেলে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বৈষম্যের বেড়াজালে আবদ্ধ করা হয়েছে। ২০১৫ সালে ঘোষিত ওই পে-স্কেলের পর থেকে বৈষম্য নিরসনের দাবিতে আবেদন ও বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও তৎকালীন সরকারের কাছ থেকে কোনো সাড়া মেলেনি। সংগঠনটির দাবি, গত ১১ বছর কর্মচারীরা নতুন পে-স্কেল থেকে বঞ্চিত।

এতে আরও বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে, ফলে ছয় সদস্যের পরিবারের ব্যয়ভার বহন করতে কর্মচারীরা হিমশিম খাচ্ছেন। নির্বাচনী ইশতেহার অনুযায়ী যথাসময়ে নবম পে-স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি ছিল—এ কথা উল্লেখ করে দ্রুত গেজেট জারির দাবি জানানো হয়।

এসএইচ 

Link copied!