উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৫:১৯ পিএম
উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

ঢাকা:  দেশের বিভিন্ন জেলায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। সকালে দেশের বিভিন্ন ঈদগাহ-ময়দান ও মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষ কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সব বয়সের মানুষ।  

সকাল থেকেই নানা জেলার মানুষ আসতে থাকে দিনাজপুরের ঐতিহ্যবাহী গোর-এ শহীদ ময়দানে। লাখো মুসল্লির অংশগ্রহণে সকাল ৯টায় এ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। 

চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদে সকাল ৮টায় প্রথম ও পৌনে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দুই জামাতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে হাজারো মুসল্লি অংশ নেন। 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, 'আমরা একটা সাম্যের সমাজ গড়ে তুলতে পারি, এবং আমরা ধনী থেকে গরিব সবাই যাতে একই সমাজে একইভাবে একই সৌহার্দের সাথে...শান্তির মন নিয়ে আমরা যাতে একসাথে বসবাস করতে পারি।' 

খুলনায় বৈরী আবহাওয়ার কারণে ঈদের প্রধান জামাত সার্কিট হাউজ ময়দানের পরিবর্তে অনুষ্ঠিত হয় টাউন জামে মসজিদে। রাজশাহীতেও কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পরিবর্তে হযরত শাহ রূপপুর মাজার প্রাঙ্গণে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টির কারণে উন্মুক্ত ঈদগাহ ও মাঠের পরিবর্তে বিভিন্ন এলাকার মসজিদে অনুষ্ঠিত হয় ঈদ জামাত।

স্থানীয় এক মুসল্লি জানান, 'আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এই সিয়াম সাধনার শিক্ষা যেন আমরা কাজে লাগাতে পারি।' 

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রায় আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেটি ইনশাআল্লাহ্‌ এই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যা করতে হয় আমরা সেগুলো করব।

সিলেট নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অংশ নেন প্রায় ৫০ হাজার মুসল্লি। এছাড়া নগরীতে ৩৯৬টি ও পুরো জেলায় ৩ হাজারের বেশি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হেমায়েত উদ্দীন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এবারই প্রথম নারীদের জন্য ছিল আলাদা নামাজের ব্যবস্থা। 

বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বলেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নামাজ পড়লাম, এবং আমরা চাই বছরের বাকি ১১ মাসও একইভাবে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে সারা বরিশালবাসী একসাথে দেশের উন্নয়নে কাজ করি। 

ময়মনসিংহে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে। রংপুরে বৃষ্টির কারণে খোলা মাঠের পরিবর্তে মডেল মসজিদে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত। নামাজ শেষে মুসলিম উম্মাহ, দেশ ও মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসআই

Link copied!