বিমানবন্দরের সেবার মান ধরে রাখার আহ্বান মন্ত্রীর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৬:০২ পিএম
বিমানবন্দরের সেবার মান ধরে রাখার আহ্বান মন্ত্রীর

ছবি : সংগৃহীত

ঢাকা: বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা ও সেবার মানের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)।

শনিবার (২১ মার্চ) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনকালে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং যাত্রীসেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঈদ উপলক্ষে দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ দিতে মন্ত্রী তাদের মাঝে মিষ্টি বিতরণ করেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি বিমানবন্দরে অবস্থানরত যাত্রীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করে তাদের যাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান, সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবালসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এসআই

Link copied!