৬ শিশুর মৃত্যুর ঘটনায় ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন: স্বাস্থ্যমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১, ২০২৬, ০১:৫৮ পিএম
৬ শিশুর মৃত্যুর ঘটনায় ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন: স্বাস্থ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত বলেছেন, রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী ৩ দিনের মধ্যে জমা দেওয়া হবে। 

সোমবার (১ জুন) ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে তদন্ত করছে।

তিনি জানান, ঈদের আগে ঘটে যাওয়া ছয় শিশুর মৃত্যুর ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি নিজে হাসপাতালটি পরিদর্শন করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও ঘটনাস্থলে গেছেন। মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরও নতুন করে তদন্ত করবে। শিশুদের মায়েদের বক্তব্য নেওয়াসহ বিভিন্ন বিষয় বিবেচনায় এনে তদন্তকে আরও কার্যকর করা হবে।

মন্ত্রী আরও বলেন, তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে আরও বাস্তবভিত্তিক ও কার্যকর প্রতিবেদন তৈরির জন্য কিছু অতিরিক্ত তথ্য সংগ্রহের প্রয়োজন হয়েছে। আগামী ৩ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। এরপর বিস্তারিত জানানো হবে।

ঘটনার আইনি দিক পর্যালোচনার জন্য অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তদন্তের পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, কোরবানির ঈদের আগের দিন বুধবার ভোরের দিকে আদ-দ্বীন হাসপাতালের ‘পোস্ট অপারেটিভ’ ওয়ার্ডে থাকা ছয় শিশুর সবাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং একে একে তাদের মৃত্যু হয়। ওই ঘটনায় দেশব্যাপী ‘গভীর উদ্বেগ, শোক ও ক্ষোভের’ সৃষ্টি হয়।

Link copied!