ফাইল ছবি
রাষ্ট্রীয় খরচে কৃচ্ছ্রসাধন ও অপচয় রোধের বড় বার্তা দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে কমিয়েছে সরকার। সেখান থেকে সাশ্রয় হওয়া অর্থ দেশের টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) স্থানান্তর করে উন্নয়ন বরাদ্দ প্রায় ৩ লাখ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী জানান, সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনা, বিদেশ ভ্রমণ ও অপ্রয়োজনীয় প্রশাসনিক খরচ কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালন ব্যয় কমানো হয়েছে।
এই সাশ্রয়কৃত অর্থ স্বাস্থ্য, শিক্ষা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যয় হবে। এর ফলে স্বাস্থ্য খাতের বরাদ্দ প্রায় দ্বিগুণ বাড়িয়ে ৬৯,৩০৯ কোটি টাকা করা হয়েছে, যা থেকে ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ব্যয় মেটানো হবে।
৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার এই বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। অর্থমন্ত্রী বলেন, ‘জনগণের করের টাকার সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতেই আমরা অনুৎপাদনশীল খাত থেকে ব্যয় কমিয়ে উৎপাদনশীল উন্নয়ন খাতকে শক্তিশালী করার নীতি গ্রহণ করেছি।’
এসএইচ
আপনার মতামত লিখুন :