ফাইল ছবি
প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছরের শুরুতেই ধাপে ধাপে এ বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই নতুন বেতন কাঠামো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হবে। তবে নতুন কাঠামোয় কোন গ্রেডে কত বেতন নির্ধারণ করা হবে কিংবা বাস্তবায়নের ধাপগুলো কী হবে, সে বিষয়ে বাজেট বক্তৃতায় বিস্তারিত জানানো হয়নি।
বর্তমানে সরকারি চাকরিজীবীরা ২০১৫ সালে কার্যকর হওয়া অষ্টম জাতীয় বেতন স্কেলের আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। দীর্ঘ সময় ধরে নতুন পে-স্কেল না হওয়ায় বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের মধ্যে বেতন পুনর্নির্ধারণের দাবি ছিল। মূল্যস্ফীতির চাপের মধ্যেও বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় নতুন পে-স্কেল ঘোষণার বিষয়টি সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি এনে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এখন সরকারি চাকরিজীবীদের নজর থাকবে নতুন বেতন কাঠামোর বিস্তারিত প্রস্তাব, গ্রেডভিত্তিক বেতনহার এবং বাস্তবায়নের সময়সূচির দিকে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন বা বিস্তারিত নির্দেশনা জারি করা হতে পারে।
এসএইচ
আপনার মতামত লিখুন :