প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ০৭:৪৯ পিএম
প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত ও জাপান সফর এখনও চূড়ান্ত হয়নি। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘সব দেশে সফরের বিষয়েই সরকার ইতিবাচক। তবে, এটি প্রধানমন্ত্রীর সময়সূচি এবং দুই দেশের মধ্যকার আলোচনা কত দূর এগোয়, তার ওপর নির্ভর করবে।’

ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও পর্যাপ্ত সময় আছে। ব্রিকস এখনও অনেক দূরে। এক মাসে অনেক কিছুই হতে পারে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নতুন সাংবিধানিক কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ কাজে ব্যস্ত রয়েছেন। তাছাড়া বাংলাদেশে সামনে রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে এবং জাতীয় সংসদের অধিবেশনও বসতে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের ভেতরে অনেক কর্মসূচি ও কার্যক্রম চলছে। সামনে বেশ কিছু সাংবিধানিক বিষয়ও রয়েছে। এই দিক থেকে সরকার ব্যস্ত এবং প্রধানমন্ত্রীও ব্যস্ত।’

তবে শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রীর সফরগুলোর বিষয়ে সরকার ইতিবাচক রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে এবং অন্যান্য দেশেও সফর।

পিএস

Link copied!