ছবি : প্রতিনিধি
নেত্রকোনা: নেত্রকোনায় সার বোঝাই একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি পিকআপ ভ্যানের মুখমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারিন্দিয়া বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি পিকআপ ভ্যানের সাথে নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী সার বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা একজন পুরুষ ও একজন নারী মারা যান। এ সময় গুরুতর আহত ৫-৬ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নেত্রকোনা জেলা সদর হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পথে আহত আরো দুজনের মৃত্যু হয়। তবে হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
এদিকে দুর্ঘটনার কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দুজন ঘটনাস্থলেই মারা যান এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়।
এছাড়া স্থানীয় শ্যামগঞ্জ ফাঁড়ি ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলের পরিবেশ স্বাভাবিক করতে কাজ করছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
পিএস