জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে: সড়ক পরিবহন মন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৪:২৩ পিএম
জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে: সড়ক পরিবহন মন্ত্রী

ফাইল ছবি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়ার পর এবার লঞ্চের ভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করেই সর্বনিম্ন ভাড়া যতটুকু সম্ভব কম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে লঞ্চের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, তেলের দাম এবং পরিচালন ও ব্যবস্থাপনা ব্যয় বাড়ার কারণে নৌযান মালিকরা ভাড়া ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির দাবি তুলেছিলেন। তবে যাত্রীদের ভোগান্তি এবং অর্থনৈতিক সক্ষমতার কথা বিবেচনায় রেখে সেই দাবি কমিয়ে ৭.৫৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আগে নির্ধারিত সর্বনিম্ন ৩২ টাকার ভাড়াকে পুনর্নির্ধারণ করে ৩৫ টাকা করা হয়েছে।

তিনি আরও স্পষ্ট করেন, বিশ্ববাজার ও অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। ফলে পরিবহন খাতে ভাড়া পুনর্নির্ধারণ জরুরি হয়ে পড়েছিল। তবে তেলের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে কোনো পরিবহন মালিক যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে বা নৈরাজ্য সৃষ্টি না করে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছে সরকার। কোনো অবস্থাতেই কাউকেই স্বেচ্ছাচারিতার সুযোগ দেওয়া হবে না।

লঞ্চের ভাড়া বাড়লেও রেলের ভাড়া আপাতত অপরিবর্তিত থাকছে বলে জানান শেখ রবিউল আলম। তিনি বলেন, রেলের পরিচালন লোকসান কমাতে সংশ্লিষ্ট দপ্তর থেকে ভাড়া বাড়ানোর তীব্র চাপ থাকলেও সরকার এখনই সেই পথে হাঁটছে না। আপাতত আগের ভাড়াতেই ট্রেন সার্ভিস চালু রাখা হবে। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে সাধারণ মানুষের জন্য ট্রেনের ভাড়া অপরিবর্তিত রাখার, আর পরিস্থিতি বাধ্য করলে ভবিষ্যতে তা যৌক্তিকভাবে বিবেচনা করা হবে।

এছাড়া সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর বিষয়ে কড়া বার্তা দেন পরিবহন মন্ত্রী। সিএনজির দাম না বাড়ায় কোনো সিএনজিচালিত যানবাহনে বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কোনো অভিযোগ পেলে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

এসএইচ 

Link copied!