ছবি : সংগৃহীত
ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য। আমরা দুটি ভোট দিয়েছি, কিন্তু এখনো গণভোটের রায় বাস্তবায়িত হয়নি।
মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি জবি শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে আমরা অনেক কিছু অর্জন করতে পারিনি। আমাদের অনেক হতাশা আছে। তবে আমরা মনে করি, জুলাই গণঅভ্যুত্থান এখনো চলমান।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘এই জাতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে ঋণী। বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়টির গুরুত্বপূর্ণ অবদান থাকলেও তার যথাযথ স্বীকৃতি এখনো মেলেনি। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়টি বঞ্চিত হয়েছে। সরকারের কাছে আমাদের দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।’
জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিকার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আন্দোলনের বিভিন্ন সময়ে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অপেক্ষায় থাকতাম। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পরিষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন, প্রক্টর অধ্যাপক মো. নাসির উদ্দিন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জকসু ভিপি রিয়াজুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেল।
পিএস