দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৮:৪৫ পিএম
দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

সিলেটের নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যজোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেছেন। 

তিনি বলেন, এখন যারা সরকার গঠন করেছেন তারাও একসময় মজলুম ছিলেন, কিন্তু তারা স্বৈরাচারী আওয়ামী লীগের পথ ধরে দেশজুড়ে বেপরোয়া দলীয়করণ ও দুর্নীতিকে জাতীয়করণ করতে চাচ্ছেন। হাসিনা তাড়িয়েছি, আপনারা যদি ফ্যাসিবাদ কায়েম করেন, তবে জনগণ আপনাদেরকেও তাড়াবে।

জুলাই গণহত্যার বিচার, সংবিধান সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত এই বিভাগীয় সমাবেশে সভাপতিত্ব করেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন। 

সমাবেশে ড. শফিকুর রহমান সিলেটের আঞ্চলিক বঞ্চনার কথা তুলে ধরে অবিলম্বে ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক রূপ দেওয়া, ঢাকা-সিলেট মহাসড়কের দুরবস্থা দূর করা এবং অঞ্চলটিতে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ চালুর দাবি জানান।

সমাবেশে এলডিপি প্রধান অলি আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেন, গণদাবি না মানলে এক দফা আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে পারবে না বলে জানান। 

এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের ম্যান্ডেট ও সংবিধানে জনগণের রায়ের সঙ্গে গাদ্দারি করলে রাজপথে কড়া জবাব দেওয়া হবে। গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়েই সারা দেশের এই আন্দোলন ও বিভাগীয় সমাবেশের চূড়ান্ত ইতি টানা হলো বলে জানান নেতারা।

এসএইচ 

Link copied!