ছবি: সংগৃহীত
কৃষকের অধিকার, সামাজিক ন্যায়বিচার ও ইনসাফের সংগ্রামে ফরায়েজি আন্দোলনের নেতা পীর মুহসীনউদ্দীন দুদু মিয়া আজও অত্যন্ত প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ। তিনি অভিযোগ করেন, দুদু মিয়া আমাদের মুক্তির লড়াইয়ের অন্যতম মূল পূর্বসূরি হলেও পরিকল্পিতভাবে মুসলিম ঐতিহাসিক ও সংগ্রামী ব্যক্তিত্বদের আড়াল করে রাখা হয়েছে।
মহা বিপ্লবী মুহসীনউদ্দীন দুদু মিয়ার ১৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেডিপি কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নাঈম আহমাদ এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, দুদু মিয়া কেবল একটি ধর্মীয় সংস্কার আন্দোলনের নেতা ছিলেন না; তাঁর নেতৃত্বে ফরায়েজি আন্দোলন পূর্ববাংলার কৃষকসমাজের ওপর জমিদারি নির্যাতন ও ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধে রূপ নিয়েছিল। আজকের বাংলাদেশে কৃষকের ন্যায্য অধিকার ও শ্রমজীবী মানুষের মর্যাদা রক্ষায় তাঁর আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আজাদ পার্টির মহাসচিব মুন্সি বোরহান মাহমুদ। তিনি বলেন, আধিপত্যবাদী শক্তিগুলো ইতিহাসের ওপর সূক্ষ্ম সেন্সর আরোপ করে অনেক বীরকে মানুষের স্মৃতি থেকে মুছে দিয়েছে। ফকির মজনু শাহ থেকে শুরু করে দুদু মিয়ার মতো বহু মুসলিম বীরের অবদানকে পাঠ্যপুস্তকের বাইরে রাখা হয়েছে কিংবা বৈষম্যমূলক ন্যারেটিভের মাধ্যমে সীমাবদ্ধ করা হয়েছে, যা মূলত একটি সাংস্কৃতিক আগ্রাসন।
জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি ইহসান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, দুদু মিয়ার সংগ্রামকে শুধু ধর্মীয় আন্দোলনের মোড়কে দেখলে তাঁর রাজনৈতিক ও কৃষকভিত্তিক ভূমিকা ঢাকা পড়ে যায়। ইংরেজ ও জমিদারি কর্তৃত্বের বিরুদ্ধে তাঁর নিজস্ব সাংগঠনিক ও বিচারকাঠামোর মাধ্যমে গড়ে তোলা প্রতিরোধ ছিল এক ঐতিহাসিক অধ্যায়। অন্যদিকে, সিএইচটি সম্প্রতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং শাক পার্বত্য অঞ্চলের বর্তমান বাস্তবতার সঙ্গে দুদু মিয়ার অ্যান্টি-কলোনিয়াল সংগ্রামের ঐতিহাসিক মিল তুলে ধরেন এবং ব্রিটিশ মানসিকতা থেকে মুক্ত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উলেখ্য, ফরায়েজি আন্দোলনের প্রবর্তক হাজী শরীয়তউল্লাহর সুযোগ্য পুত্র মুহসীনউদ্দীন আহমদ দুদু মিয়া (১৮১৯–১৮৬২) ১৮৪০ সালে আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। ধর্মীয় সংস্কারের পাশাপাশি মেহনতি মানুষের অধিকার রক্ষা ও ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তাঁর শক্ত অবস্থান ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃত। জেডিপির যুগ্ম সদস্যসচিব ইয়াসিন আরাফাত রাজের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
এসএইচ