চুয়াডাঙ্গায় অবৈধভাবে মজুতকৃত ৪০৩ বস্তা সার জব্দ

  • চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৮:৪০ পিএম
চুয়াডাঙ্গায় অবৈধভাবে মজুতকৃত ৪০৩ বস্তা সার জব্দ

ছবি : প্রতিনিধি

​চুয়াডাংগা: চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুত করা ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সার বিক্রির বৈধ লাইসেন্স না থাকা সত্ত্বেও সরকারি সার মজুত ও বিক্রির অভিযোগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর-দত্তনগর সড়কে অবস্থিত ‘মেসার্স শান্তনা এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। প্রতিষ্ঠানটিতে সার বিক্রির কোনো বৈধ কাগজপত্র না থাকলেও দীর্ঘদিন ধরে সরকারি সার মজুত করে বিক্রি করা হচ্ছিল। অভিযানে প্রতিষ্ঠানের গুদাম ও সংলগ্ন স্থান থেকে মোট ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করা হয়।

​অভিযান শেষে উপজেলা প্রশাসন জানায়, সরকারি সার নির্ধারিত নিয়মের বাইরে অবৈধভাবে মজুত বা বিক্রি করার কোনো সুযোগ নেই। জব্দকৃত ৪০৩ বস্তা সার বিশেষ ক্ষমতা আইনের আওতায় আটক করা হয়েছে এবং অভিযুক্ত প্রতিষ্ঠান মালিক মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

​অভিযান পরিচালনাকালে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একটি টিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. পাভেল রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং সরকারি সারের অবৈধ মজুত, কালোবাজারি ও নিয়মবহির্ভূত বিক্রি বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

পিএস

Link copied!