ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম

  • সোনালী ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০১:২০ পিএম
ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম

ফাইল ছবি

ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে ভারত সরকার। ভিসার প্রধান ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপক্যাটাগরি ৪৯টি থেকে ২৩টি করা হয়েছে। একই সঙ্গে আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। এতে বিদেশি নাগরিকদের জন্য ভারতে ভ্রমণ, চিকিৎসা, পড়াশোনা ও ব্যবসার প্রক্রিয়া আরও সহজ হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর দ্য স্টেটসম্যানের।

গত বুধবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গত ২৭ আগস্ট ভিসা ব্যবস্থায় পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন কাঠামো বাস্তবায়নে বর্তমানে তথ্যপ্রযুক্তি ব্যবস্থার হালনাগাদ চলছে। চলতি বছরের শেষ নাগাদ নতুন নিয়মে ভিসা দেওয়া শুরু হবে।

নতুন ব্যবস্থায় ভিসার ৯টি প্রধান ক্যাটাগরি হলো ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা। একই ধরনের ভ্রমণের উদ্দেশ্যে থাকা ভিসাগুলো একীভূত করায় আবেদনকারীদের জন্য উপযুক্ত ক্যাটাগরি বেছে নেওয়া সহজ হবে।

সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে পর্যটক ভিসায়। প্রচলিত ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ভিজিটর ভিসা। এটি ভি-১ ও ভি-২ নামে দুটি উপশ্রেণিতে বিভক্ত। ভি-১ ভিসার মেয়াদ ৩০ দিন এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। অন্যদিকে ভি-২ ভিসা এক, পাঁচ অথবা ১০ বছর মেয়াদে দেওয়া হবে। এই ভিসায় পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, ওয়েলনেস কার্যক্রম ও পর্বতারোহণের সুযোগ থাকবে।

চিকিৎসা ভিসায় সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুশ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা নির্ধারণ করা হয়েছে। উভয় ভিসার মেয়াদ সাধারণত এক বছর এবং একাধিকবার প্রবেশের সুযোগ থাকবে। রোগীর সহযাত্রীদের জন্যও আলাদা ভিসার ব্যবস্থা রাখা হয়েছে।

শিক্ষার্থীদের জন্য স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায়ে এস-১ এবং গবেষণা, পিএইচডি, ইন্টার্নশিপ ও শিক্ষকতার জন্য এস-২ ভিসা চালু করা হয়েছে। এ ছাড়া ব্যবসায়িক ভিসাও বি-১ ও বি-২ নামে দুই ভাগে ভাগ করা হয়েছে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপনের জন্য বি-১ এবং স্বল্পমেয়াদি চুক্তি, সম্মেলন ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমের জন্য বি-২ ভিসা দেওয়া হবে।

এসএইচ 

Link copied!