ফাইল ছবি
নিউজিল্যান্ড তাদের অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে। এর আওতায় দক্ষ কর্মীদের স্থায়ী বসবাস (পিআর), কাজের ভিসার ক্ষেত্রে ইংরেজি ভাষা ও বেতনের শর্তাবলি এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের অধিকারসংক্রান্ত নিয়মে বদল আনা হয়েছে।
ইমিগ্রেশন নিউজিল্যান্ড (আইএনজেড) জানিয়েছে, কিছু খাতে তীব্র শ্রমসংকট মোকাবিলা, ইংরেজি ভাষার দক্ষতায় জোর দেওয়া এবং স্থায়ী বসবাসের পথ সুগম করাই এ পরিবর্তনের মূল লক্ষ্য। এই পরিবর্তনগুলো পর্যায়ক্রমে কার্যকর করা হচ্ছে।
সরকার ‘স্কিলড মাইগ্রেন্ট ক্যাটাগরি (এসএমসি)’-এর পরিবর্তনের ঘোষণা ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর দিলেও তা ২০২৪ সালের ২৪ আগস্ট থেকে কার্যকর করা হয়েছে। এর আওতায় পয়েন্টভিত্তিক নির্বাচন, দক্ষ কাজের অভিজ্ঞতা এবং কারিগরি পেশা ও টেকনিশিয়ানদের জন্য বিশেষ পথ রাখা হয়েছে। তবে ‘অ্যামেন্ডমেন্ট সার্কুলার ২০২৬-১৬’-এর মাধ্যমে নতুন এ পরিবর্তনের ফলে আবেদনকারীর পেশা রেড লিস্ট, অ্যাম্বার লিস্ট কিংবা ট্রেড অ্যান্ড টেকনিশিয়ান লিস্টের অন্তর্ভুক্ত কি না, তার ওপর নির্ভর করে পথ নির্ধারিত হবে। পাশাপাশি স্থায়ী বসবাসের আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে আর উচ্চ বেতনের শর্ত পূরণ করতে হবে না। অন্যদিকে মোটর মেকানিক, মেটাল ফ্যাব্রিক্রেটর ও ফিটার ওয়েল্ডারসহ ১৭টি কারিগরি পেশা ‘গ্রিন লিস্ট’-এর ‘টিয়ার ২’ থেকে বাদ দেওয়া হয়েছে।
স্বীকৃত নিয়োগকর্তা কাজের ভিসা বা অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসার (এইডব্লিউভি) বিষয়ে জানানো হয়েছে, ২০২৬ সালের ১ জুন থেকে ‘স্কিল লেভেল ৩’ পর্যায়ের চাকরির ক্ষেত্রেও ন্যূনতম ইংরেজি ভাষা দক্ষতার শর্ত কার্যকর হবে। সেই অনুযায়ী আবেদনকারীদের ভিসা অনুমোদনের আগে ন্যূনতম আইইএলটিএস ৪.০ বা সমমানের ইংরেজি দক্ষতা প্রমাণ করতে হবে। তবে যেসব কর্মীর ভিসার মেয়াদ ২০২৬ সালের ১ ডিসেম্বরের মধ্যে শেষ হচ্ছে, তারা পুনরায় আবেদনের সময় এই শর্ত থেকে অব্যাহতি পাবেন। এছাড়া এইডব্লিউভিভুক্ত চাকরির ক্ষেত্রে প্রতি ঘণ্টায় ন্যূনতম ২৩.৯৫ নিউজিল্যান্ড ডলার বেতনের শর্ত পূরণ করতে হবে।
শিক্ষার্থীদের ক্ষেত্রে গত বছরের ২৭ অক্টোবর থেকে কার্যকর হওয়া নিয়মে বলা হয়েছে, নতুন গবেষণানির্ভর বা কোর্সওয়ার্কভিত্তিক উভয় ধরনের মাস্টার্স শিক্ষার্থীরা পড়াশোনাকালীন সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা এবং ছুটির দিনে পূর্ণকালীন কাজ করতে পারবেন। এ ছাড়া শিক্ষার্থীদের কোর্স শেষের গ্রেস পিরিয়ড এক মাস থেকে বাড়িয়ে দুই মাস করা হয়েছে। একই সঙ্গে পড়াশোনা-পরবর্তী কাজের অধিকারবিহীন শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের শেষ দিকে ছয় মাস মেয়াদি গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালুর পরিকল্পনা খতিয়ে দেখছে দেশটি।
প্যারেন্ট বুস্ট ভিজিটর ভিসার আওতায় নাগরিক ও বাসিন্দাদের পিতা-মাতার জন্য পাঁচ বছর মেয়াদি একাধিকবার প্রবেশের ভিসা চালু করা হয়েছে। এ ছাড়া মৌসুমি চাহিদাসম্পন্ন শিল্পের জন্য গ্লোবাল ওয়ার্কফোর্স সিজনাল ভিসা ও পিক সিজনাল ভিসা ব্যবস্থা বহাল রাখা হয়েছে। ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য ব্যবসায়িক শর্তে ১ মিলিয়ন বা ২ মিলিয়ন ডলার বিনিয়োগের ক্ষেত্রেও স্থায়ী বসবাসের সুযোগের পথ উন্মুক্ত রাখা হয়েছে।
এসএইচ